দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপের পানখালীকে এসডিজি গ্রাম ঘোষণা প্রধানমন্ত্রীর

25

দাকোপ :

সুন্দরবন উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) গ্রাম হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

একই দিনে দেশের আরও দুটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিংছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করা হলে ভার্চুয়ালি সভাস্থলে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় সভাস্থলে ফুলের পাপড়ি ও বিভিন্ন রঙের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়।

পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা উপলক্ষে কয়েক দিন আগে থেকেই উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামটি সাজানো হয়। গ্রামের প্রবেশদ্বারের প্রধান ফটক থেকে শুরু করে ভার্চুয়াল সভাস্থল মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার টানানো হয়।

সভাস্থলে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু জানান, দেশের টেকসই উন্নয়নে সরকারের ‘অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করায় এখন থেকে এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের আলোকে গ্রামটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এসডিজির আওতায় পানখালী গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মঞ্জু, খুলনা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা ও দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এ ছাড়া জেলা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জীবিকার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।