দৈনিক খুলনা
The news is by your side.

তিন বছর পর দেশে ফিরলেন ভারতে আটক ৬ বাংলাদেশি নারী

21

বেনাপোল :

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি নারী।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন— নুসরাত মণ্ডল, ফাতেমা জিন্নাত, মিম আক্তার, সাদিয়া আক্তার, রিপা খাতুন ও আরোহী মণ্ডল। তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল ও চাঁদপুর জেলায়।

ফেরত আসা সাদিয়া আক্তার জানান, ভালো চাকরির আশায় ২০২৩ সালে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের হায়দরাবাদে যান তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুর্তজা আলী বলেন, “ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি জানান, পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, “বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে প্রয়োজনীয় সহায়তা শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দীর্ঘ তিন বছর পর স্বজনদের কাছে ফিরে আসতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন ফেরত আসা নারীরা। তাদের পরিবারের সদস্যরাও প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।