দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা ইপিজেডে চীনা সুতা কারখানার মেশিনে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

24

মোংলা :

বাগেরহাটের মোংলা ইপিজেডে অবস্থিত চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কো. লি.-এর একটি উৎপাদন মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকের নাম মো. গোলাম। তিনি মোংলা উপজেলার চাঁদপাই এলাকার বাসিন্দা এবং ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সহকর্মী শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত গোলামকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় নষ্ট করা হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সের পরিবর্তে একটি প্রাইভেটকারে করে খুলনায় নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, কারখানায় প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক না থাকায় কর্মরতদের ওপর অতিরিক্ত কাজের চাপ ছিল। কাজের ব্যস্ততার মধ্যে মেশিন থেকে কাপড় সরানোর সময় গোলামের ডান হাত মেশিনে আটকে কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন অংশ মেশিনের ভেতরে চলে যায় বলে তারা জানান।

শ্রমিকদের দাবি, এর আগেও কারখানাটিতে বিভিন্ন দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়নি। এছাড়া দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বললে চাকরিচ্যুত করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।

এদিকে ইপিজেডের নিজস্ব হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সুবিধা থাকা সত্ত্বেও আহত শ্রমিকের চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার জানান, দুর্ঘটনার আগে কারখানার একটি মেশিনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এনে মেশিন বন্ধ করা হলেও ব্লেড ঘুরছিল। এ অবস্থায় মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে শ্রমিক গোলামের হাত ব্লেডে আটকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, “আহত শ্রমিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বিধি অনুযায়ী তিনি কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি মোংলা ইপিজেডের শ্রমিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। শ্রমিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।