দৈনিক খুলনা
The news is by your side.

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

41

খুলনা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২২, ২৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব ও গোলাম জুলকার নাইন, ২২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব জহির উদ্দিন লিটন, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাজ্জাক হাওলাদার রাজিব ও সদস্য সচিব কামরুল ইসলাম কামু, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব আবু সায়েমসহ মহানগর যুবদল এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, পরিবেশ রক্ষা আজ সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেয়। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যাতেও আন্তরিক হতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করেন।