দৈনিক খুলনা
The news is by your side.

টেক্সটাইল ও পোশাক শিল্পের মেশিনারি প্রদর্শনী করবে বিটিএমএ-বিজিএমইএ

29

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এই উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামে একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে সংগঠন দুটি। এ লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুই সংগঠন জানায়, দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, প্রতি বছর ঢাকায় যৌথভাবে ‘বিটমা’ প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ ও বিজিএমইএ। দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজকদের সহযোগিতায় এ প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে।

এছাড়া দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, বৈশ্বিক বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ এবং টেকসই টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশকে বিশ্বস্বীকৃত হাব হিসেবে প্রতিষ্ঠা করাও এই আন্তর্জাতিক প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।

প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে প্রতিনিধি থাকবেন।

কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রতিবছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। প্রথম বছরে বিটিএমএর একজন চেয়ারম্যান এবং বিজিএমইএর একজন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রদর্শনী থেকে অর্জিত নিট মুনাফাও উভয় সংগঠনের মধ্যে যৌক্তিক অনুপাতে বণ্টন করা হবে।