দৈনিক খুলনা
The news is by your side.

টিকটক করতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেপ্তার

32
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি টিকটকার আব্দুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি হাকিম ঘটনার পর থেকে প্রায় দেড় বছর পলাতক ছিলেন।পুলিশ জানায়, আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা।

তিনি টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে পরিত্যক্ত একটি পুকুরে ঝাঁপ দিতে বলেন। গত বছরের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হাকিমের কথামতো পুকুরে ঝাঁপ দেয় সৌরভ।
এ সময় তার পায়ে লোহার তারকাঁটা ঢুকে সে আহত হয়।পুলিশের ভাষ্য, ঘটনার পর সৌরভকে ওই আঘাতের কথা কাউকে জানাতে নিষেধ করেন হাকিম।

পরে সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ এপ্রিল তার মৃত্যু হয়।এ ঘটনায় সৌরভের মা রানু ক্ষত্রিয় গত বছরের ৫ এপ্রিল ফুলপুর থানায় মামলা করেন। এতে দণ্ডবিধির ৩০৪ ধারায় আব্দুল হাকিমকে আসামি করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মামলার পর থেকে হাকিম আত্মগোপনে ছিলেন। দীর্ঘ প্রায় এক বছর পাঁচ মাস পর এলাকায় আসার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।