ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক টি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। সরকার এ বরাদ্দ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান বলেও জানান তিনি। তিনি বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। ওই সময়ে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয় জটিলতায় আটকে আছে। এসব জটিলতা দ্রুত নিরসন করে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, একটি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর আগে এর প্রয়োজনীয়তা ও বাস্তবতা পর্যালোচনা করা জরুরি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের মতো বিভাগ চালুর ক্ষেত্রে প্রয়োজনীয়তা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত ল্যাব সুবিধা এবং দেশে বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানও বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন। প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এহসানুল হক মিলন বলেন, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইলেকট্রিক ভেহিকল (ইভি)-সংশ্লিষ্ট কোর্স চালু করা জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালু করতে হবে।
কুয়েটে এআই কোর্স চালুর আবেদন দুই বছর ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষায় সরকারের এই বিনিয়োগের যথাযথ ফল নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষা শেষে কোথায় চাকরি করছেন এবং কর্মজীবনে তাঁদের অবস্থান কী-এসব তথ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংরক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, দেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের অর্জনের কৃতিত্বের একটি অংশ বাংলাদেশের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোরও পাওয়া উচিত। প্রতি বছর ১ সেপ্টেম্বর কুয়েট দিবস বা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ২০০৩ সালের এই দিনে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) থেকে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, প্রদর্শনী, বিভিন্ন বিভাগের প্রজেক্ট উপস্থাপন, ল্যাব উন্মুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।