দৈনিক খুলনা
The news is by your side.

জামায়াতের এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা ঘিরে নতুন আলোচনা

37

সাতক্ষীরা :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া কাবিননামা অনুযায়ী, বরের নাম জি এম নজরুল ইসলাম (পিতা: মৃত জনাব আলী গাজী, মাতা: কাঞ্চন বিবি; সাং- ইসমাইলপুর, শ্যামনগর, সাতক্ষীরা) এবং কনের নাম মোছা. মরিয়ম খাতুন (পিতা: মো. মাসুম বিল্লাহ, মাতা: কাকুলী; সাং- দেবীপুর, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা)। কাবিননামায় কনের জন্মতারিখ ২৭ মে ১৯৯৮ এবং বিয়ের তারিখ ১৭ জুন উল্লেখ রয়েছে। এতে তিন লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং কাবিননামা নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে এমপি জি এম নজরুল ইসলাম জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তাঁর আইনসম্মত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। তিনি দাবি করেন, পারিবারিকভাবে এবং ধর্মীয় ও আইনি বিধান অনুসরণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বয়স ও পারিবারিক পরিস্থিতির কারণে বিষয়টি প্রথমদিকে প্রকাশ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এমপি নজরুল ইসলামের অভিযোগ, তাঁর শ্বশুর মাসুম বিল্লাহর পারিবারিক বিরোধ এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কাবিননামা এবং পারিবারিকভাবে বিয়ের বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। একই সঙ্গে পুরো ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আমার বাড়ির পাশেই এমপি সাহেবের বাড়ি। কিন্তু তাঁর দ্বিতীয় বিয়ের বিষয়টি আগে কখনও শুনিনি। বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি।”

আরেক প্রতিবেশী আব্দুল আলিম বলেন, “ফেসবুকে বিষয়টি দেখেই জানতে পারলাম এমপি সাহেবের দ্বিতীয় স্ত্রী রয়েছে। এর আগে জানতাম তাঁর একটিই বিয়ে।”