দৈনিক খুলনা
The news is by your side.

জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

20

পাইকগাছা :

জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিজ্ঞানীর জন্মভূমি পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে তার বসতভিটায় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতিমা লিজা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মুহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া ও প্রভাষক লৎফা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, ওসি (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ এবং প্রধান শিক্ষক গৌতম ঘোষ।

বক্তারা বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন উপমহাদেশের বিজ্ঞানচর্চা, শিক্ষা, শিল্পায়ন ও মানবকল্যাণের এক অনন্য পথিকৃৎ। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ ও অবদানকে শিক্ষার্থীদের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার ঐতিহাসিক বসতভিটা পরিদর্শন করেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার বর্তমান পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরিশ্চন্দ্র রায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। আজীবন অবিবাহিত এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর সরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়।