দৈনিক খুলনা
The news is by your side.

গাছ বাঁচলে মানুষও বাঁচবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

28

 বাগেরহাট:

বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৬। শনিবার (১১ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উদ্বোধনের আগে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন-এর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। গাছ ঠিক উল্টো কাজটি করে। তাই মানুষের জীবন ও গাছের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। গাছ বাঁচলে মানুষও বাঁচবে।”

তিনি আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে এখন থেকেই ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। হজে যাওয়া মানুষ জানেন, তীব্র রোদ ও ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও নিমগাছ স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করে। তিনি আরও উল্লেখ করেন, একজন পণ্ডিতের ভাষায়—‘যার বাড়িতে নিমগাছ আছে, তার বাড়িতে চিকিৎসকের প্রয়োজন কম হয়।’

গাছ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশের প্রতিটি উপাদান মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি জানান, সরকার ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, নদী-খাল পুনঃখনন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সতর্ক করে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠানের অবহেলায় গাছ নষ্ট হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধি ও একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে মোট ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য স্টলগুলো খোলা থাকবে। আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শেষ হবে।