দৈনিক খুলনা
The news is by your side.

গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য, বিতর্কে অভিনেতা বিশ্বজিৎ ও তিথি

21

বিনোদন ডেস্ক:

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এদিকে বিশ্বজিতের বক্তব্যের সমর্থনে কথা বলে আলোচনায় এসেছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চক্রবর্তী। বিশেষ করে ঢাকার গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। সাক্ষাৎকারের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় বিশ্বজিতের সমর্থনে কথা বলেন তিথি বসু। তিনি বলেন, বিশ্বজিৎ একজন প্রবীণ অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্য কথা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিথি আরও দাবি করেন, বিনোদন জগতের অনেকেই প্রকাশ্যে বা আড়ালে গরুর মাংস খান। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সময় ধারাবাহিকের শিল্পী ও অভিনেতাদের মধ্যেও গরুর মাংস খাওয়ার বিষয়টি তিনি দেখেছেন।

তিনি আরও বলেন, খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয় এবং তা নিয়ে কাউকে বিচার করা উচিত নয়। কারও ধর্ম বা খাদ্যাভ্যাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তিথির এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়েও সমালোচনা শুরু হয়। কেউ তার বক্তব্যের বিরোধিতা করেছেন, আবার কেউ খাদ্যাভ্যাসকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। নিজের খাদ্যাভ্যাস নিয়ে অন্যের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি কী খাবেন বা কতটা খাবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বাংলাদেশ সফর প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, গত ৪ তারিখ তিনি বাংলাদেশে এসেছিলেন এবং ৫ তারিখই দেশে ফিরে যান। এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তার বাংলাদেশে আসা। এ সময় বাংলাদেশের আতিথেয়তায় তিনি অভিভূত হয়েছেন বলেও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও মামলা প্রসঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, তিনি মামলা করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে চান না।