দৈনিক খুলনা
The news is by your side.

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ২

40

চট্টগ্রাম :

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। এ সময় সার পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার থাকায় জব্দ করা সারের মোট পরিমাণ ৩৫ হাজার কেজি। সারগুলো চট্টগ্রামের কাফকো কারখানায় উৎপাদিত।

অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন ট্রাকচালক এবং অন্যজন হেলপার। তবে কোস্ট গার্ডের অভিযান টের পেয়ে অপর দুটি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌযানে পরিবহনের জন্য সারগুলো বাঁশবাড়িয়া ঘাটে আনা হয়েছিল। চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড পূর্ব জোন। ওই অভিযানে তিনজনকে আটক করা হয়।