খুলনা, প্রতিনিধি:
খেলাফত মজলিসের খুলনা জেলা ও মহানগর কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে নগরীর গল্লামারিস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অবক্ষয় এবং অর্থনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ, খুলনা জোন পরিচালক ডা. আব্দুর রাজ্জাক, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন এবং মহানগর সভাপতি এফ. এম. হারুন অর রশিদ।
বক্তারা বলেন, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই এবং বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের কারণে দেশে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি হয়েছে।
বক্তাদের দাবি, পুলিশের তথ্য অনুযায়ী গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন ১০টিরও বেশি হত্যাকাণ্ডের সমান। তাদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং বিগত কয়েক বছরে শীর্ষ অপরাধীদের মুক্তি ও দেশে ফিরে আসা সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ।
সম্মেলন থেকে অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বাধীন পুলিশ কমিশন গঠন করে পুলিশের জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া বক্তারা বলেন, দেশে ধর্ষণ, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার বিভিন্ন চক্রান্তে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তারা এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।