দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় বিএনপির দুই নেতাকে গুলি, এলাকায় চাঞ্চল্য

41

খুলনার বটিয়াঘাটা উপজেলায় পৃথক ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখকে গুলি করার ঘটনার পর মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করা হয়। পরপর এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।

প্রাপ্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেলে চক্রাখালী বাজারসংলগ্ন জনৈক বাদশার দোকানের সামনে অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখকে গুলি করে দুর্বৃত্তরা। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।