দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

33

খুলনা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন শেখ আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রেলস্টেশনের পাশের একটি ঘেরে ইমনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ইমনের মাথায় একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।