খুলনা :
ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা পার্কের সামনে থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজ।
এ সময় তিনি বলেন, খুলনায় ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ। যেকোনো দুর্যোগ ও সংকটে স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে। তবে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নগরবাসীকে সচেতন হতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহামুদুল হক টিটু, শেখ মো. মিরাজ, মিরাজ শাহীন শুভ, মঞ্জুর শাহীন রুবেল, মো. নাঈম হাসান হাসিব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু হাওলাদার, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৌরভ হাওলাদার, সদস্য সচিব মো. রাকিবুল হাসান রাকিব, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাশেদ নেওয়াজ, মাসুম বিল্লাহ, রিপন শিকদার, সজীব হাওলাদার, মো. সাদ্দাম হোসেন, মো. রেজওয়ান, মো. কামরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।