দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

19

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বলেন, আজকের তরুণরাই সম্ভাবনাময় বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং মাস্টার্স শেষ করে পিএইচডিতে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা এখন বৈশ্বিক পর্যায়ে। তাই শিক্ষার্থীদের নিজেদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস। তিনি ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোলাবরেটিভ রিসার্চসহ গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের গবেষণার অগ্রগতিতে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, নিজেদের সক্ষমতার ওপর আস্থা এবং গবেষকদের মধ্যে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নতুন নতুন আইডিয়া তৈরির পাশাপাশি জ্ঞানকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে তা সমাজে, সমাজ থেকে শিল্পখাতে এবং শিল্পখাত থেকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে মেধাস্বত্ব, পেটেন্ট ও উদ্ভাবনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. খায়রুল আমিন। এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির সভাপতি মো. শাহরিয়ার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মারুফ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজিব হোসেন ও মুমতাহিনা।

সেমিনারে ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন।