দৈনিক খুলনা
The news is by your side.

খুবি উপাচার্যের সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

3

খুলনা :

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ গড়ে তোলার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন হোপ এক্সএক্সএলের রব ভিসার্স ও টিমো কোরেন, ভাইস ভারসা গ্লোবালের বেনজামিন লোমান এবং উট্রেখ্ট ইউনিভার্সিটির জিনি মারিসেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার নতুন প্রজন্মের মডেল হতে পারে ‘পিপলস পার্টনারশিপ’। এর মাধ্যমে দুই দেশের তরুণদের যৌথভাবে সামাজিক প্রকল্প তৈরি ও বাস্তবায়ন, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের মাধ্যমে দুই দেশের গল্প বিশ্বের সামনে তুলে ধরা, ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী কার্যক্রমে যৌথভাবে কাজ এবং গবেষণা ও স্থানীয় সরকার পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ, উট্রেখ্ট ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করেছে। ‘পিপলস পার্টনারশিপ’ ধারণা বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপাচার্য ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবসের মতো বড় আয়োজনগুলোতে নেদারল্যান্ডসের শিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে কর্নার স্থাপন এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও অন্যান্য ক্লাবের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় জানানো হয়, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস সফর করে সেখানে আয়োজিত সামার স্কুলে অংশ নিয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ ও পিএইচডি সম্পন্ন করেছেন।

সভায় নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘কালচারাল ডে’ বা ‘কালচারাল উইক’ আয়োজনের মাধ্যমে নেদারল্যান্ডসের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের তরুণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. এনামুল কবীর।