দৈনিক খুলনা
The news is by your side.

খালিশপুর থানা ওলামা দলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ

43

খুলনা :

খুলনা নগরীর খালিশপুর নেছারিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ওলামা দল খালিশপুর থানা শাখা। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় নেছারিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খালিশপুর থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে আম, কাঁঠাল, আনারস, ড্রাগন ফল, পেয়ারা ও বিভিন্ন ধরনের তাজা মৌসুমি ফল তুলে দেন প্রধান অতিথি ও অতিথিরা। পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য একটি ফুটবল উপহার দেওয়া হয়। ফল ও উপহার পেয়ে এতিম শিশুরা আনন্দে মেতে ওঠে।

খালিশপুর থানা ওলামা দলের সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল খুলনা মহানগর শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা আল আমিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো এবং ব্যবসায়ী মো. বখতিয়ার।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা এতেসাম আজিজুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, হাফেজ আমির হামজা, হাফেজ আব্বাস আলী ও হাফেজ তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শেখ সাদিকুল ইসলাম সাদীসহ অতিথিরা এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক ও লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেন। পরে শিশুদের হাতে মৌসুমি ফল তুলে দেন তারা।

খালিশপুর থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াছুর রহমান বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই অংশ। অনেক সময় মৌসুমি ফলের উচ্চমূল্যের কারণে তারা পুষ্টিকর ফল খাওয়া থেকে বঞ্চিত হয়। আমাদের ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে যদি তাদের মুখে একটু হাসি ফোটানো যায় এবং পুষ্টির চাহিদা পূরণে সামান্য ভূমিকা রাখা যায়, তাহলেই আয়োজনটি সার্থক হবে।”

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ওলামা দল সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনহিতকর ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।