যশোর:
যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে শাকিল আহমেদ (২৪) নামে আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাতে উপজেলার চাঁদড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদড়া গ্রামের নজরুল ইসলাম কবিরের ছেলে এবং ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, গত ১১ জুন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এর আগে ১১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে রোববার রাতে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”