খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘আন্ডারগ্রেড রিসার্চ: আইডিয়াস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। গবেষণামুখী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে কেকেবিএইউ নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ফিরোজ ফিরোজ্জামান। তিনি স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব, গবেষণার বিভিন্ন সুযোগ, উচ্চশিক্ষায় গবেষণার ভূমিকা এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক মিসেস শারমীন করিম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পিএইচডিধারী গবেষক ও আমেরিকান এক্সপ্রেসের নির্বাহী মাহাবুব কবির।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। সভাপতির বক্তব্যে তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের আন্তর্জাতিক মানের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।