দৈনিক খুলনা
The news is by your side.

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বেড়ে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা

25

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে এ খাতে বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় ৬ হাজার ২০৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজেটে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ভর্তুকি, যান্ত্রিকীকরণ, ডিজিটাল ও স্মার্ট কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সরাসরি সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচির আওতায় বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, বাজার ব্যবস্থার আধুনিকায়ন, কোল্ড স্টোরেজ সুবিধা বৃদ্ধি এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, বরাদ্দের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষকের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বাজেট।