দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

27

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাবনত পরিবেশে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় কুয়েট স্কুল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ কমিটির তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কুয়েট স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পরে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।