কয়রা :
খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কী কারণে খালিদ হাসানের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।