খুলনা:
খুলনার এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন, মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে আগামী ২৫ জুলাই (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুলবাড়ীগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক মোজাহার আলী এবং সঞ্চালনা করেন শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, এ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিয়া, বিএনপি নেতা ইমদাদুল হক, আজমল হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, জামায়াত নেতা মোল্লা হুমায়ুন কবির, খানজাহান আলী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, থানা তাঁতী দলের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দীপুসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ে সর্বোচ্চ চেষ্টা চলছে। শ্রমিকদের পাওনা পরিশোধ না করে মিলের কোনো মালামাল বাইরে নিতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন। এছাড়া এ্যাজাক্স ও সোনালী জুট মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধের পর মিল এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে মোজাহার আলী বলেন, বছরের পর বছর ধরে বকেয়া বেতন, মজুরি ও গ্র্যাচুইটির টাকা না পেয়ে শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। টাকার অভাবে সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি দাবি করেন, চিকিৎসার অভাবে ইতোমধ্যে চার শতাধিক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা কোনো অনুগ্রহ নয়, নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে চান। অবিলম্বে সব বকেয়া এককালীন পরিশোধের ঘোষণা না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৫ জুলাই (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুলবাড়ীগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, আজাহার মাতব্বর, মুন্টু নেতা, সিরাজ মোড়ল, রতন মোল্লা, আবজাল, সাইদ, হাসান মোল্লা, আমির আলী, মাস্টার মাহবুব, কবীর হোসেন, মনির, সোলাইমানসহ এ্যাজাক্স জুট মিলের শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।