দৈনিক খুলনা
The news is by your side.

এসএসসির ফলে বিপর্যয়, গণিত-ইংরেজিতে বেশি ফেল; আইসিটিতে চমক

23

ঢাকা :

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীদের বেশি সংখ্যায় ফেল করায় সার্বিক পাসের হার কমেছে। একই সঙ্গে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

তবে ফলাফলের মধ্যে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। অধিকাংশ শিক্ষা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৮ থেকে ৯৯ শতাংশের ওপরে রয়েছে।

শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে তুলনামূলক বেশি দুর্বল। বিশেষ করে মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ দুই বিষয়ে অকৃতকার্যের হার বেশি। তাদের মতে, গণিত ও ইংরেজিতে দুর্বল ফলের প্রভাবেই এবার দীর্ঘ সময়ের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফল নিম্নমুখী হয়েছে।

ইংরেজিতে বেশিরভাগ বোর্ডে পাসের হার কম

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ইংরেজিতে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩৩ জনই ইংরেজিতে অকৃতকার্য হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে গণিতে পাসের হারও কম, ৬৯ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ এ বিষয়ে প্রতি ১০০ জনে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ফেল করেছে।

ইংরেজিতে ৭০ শতাংশের নিচে পাসের হার রয়েছে বরিশাল ও সিলেট বোর্ডেও। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৬৯ দশমিক ১১ শতাংশ।

অন্যদিকে যশোর বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭ শতাংশ, রাজশাহীতে ৭৪ দশমিক ৭০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৯ দশমিক ২১ শতাংশ।

ইংরেজিতে ৮০ শতাংশের বেশি পাসের হার রয়েছে কুমিল্লা ও কারিগরি শিক্ষা বোর্ডে। কুমিল্লা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭০ শতাংশ।

গণিতেও দুর্বল ফল

গণিতেও বেশিরভাগ বোর্ডে তুলনামূলক কম পাসের হার দেখা গেছে। ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৬৯ শতাংশের ঘরে।

কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার ৭০ দশমিক ৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ০৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৫ দশমিক ৯৬ শতাংশ, রাজশাহীতে ৭৭ দশমিক ১৭ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৯৮ শতাংশ।

গণিতে ৮০ শতাংশের বেশি পাস করেছে ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। ফলে এসব বোর্ডে সার্বিক ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।

আইসিটিতে চমকপ্রদ ফল

প্রতি বছর এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক দুর্বল ফল দেখা গেলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন।

রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি শিক্ষা বোর্ডে আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে এ বিষয়ে পাসের হার প্রায় ৯৮ শতাংশ।

আইসিটিতে সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে, ৯৭ দশমিক ৮৬ শতাংশ। তবুও অন্যান্য বিষয়ের তুলনায় এ ফলাফলকে বেশ ভালো হিসেবে দেখা হচ্ছে।

পদার্থ, রসায়ন ও উচ্চতর গণিতে ভালো ফল

এবার পদার্থবিজ্ঞান বিষয়েও ভালো ফল করেছে শিক্ষার্থীরা। ১১টি বোর্ডের মধ্যে সাতটি বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯০ শতাংশের ওপরে। বাকি বোর্ডগুলোর অধিকাংশেই পাসের হার ৮০ শতাংশের ঘরে রয়েছে।

রসায়নেও তুলনামূলক ভালো ফল হয়েছে। আটটি বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯০ শতাংশের ওপরে। বাকি তিনটি বোর্ডেও পাসের হার ৮২ শতাংশের বেশি।

অন্যদিকে উচ্চতর গণিতে সব বোর্ডেই ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে। ইতিহাস ও অর্থনীতিতেও পাসের হার সন্তোষজনক। তবে হিসাববিজ্ঞান বিষয়ে অধিকাংশ বোর্ডে পাসের হার ৮০ শতাংশের ঘরে রয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, একদিকে গণিত ও ইংরেজির মতো মৌলিক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে, অন্যদিকে আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতের মতো বিষয়ে তুলনামূলক ভালো ফল করেছে শিক্ষার্থীরা। ফলে সার্বিক ফলাফলের নিম্নমুখী প্রবণতার পেছনে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের ফলাফলই বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।