দৈনিক খুলনা
The news is by your side.

এবার প্রকাশ্যে নিকি মিনাজের শরীর নিয়ে ‌‘আপত্তিকর’ মন্তব্য ট্রাম্পের

27

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার প্রকাশ্যে নিজের সমর্থক জনপ্রিয় নারী র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।’

এরপর ট্রাম্প বলেন, ‘তাকে চোখে না পড়ে উপায় নেই।’ এ সময় তিনি মিনাজকে উঠে দাঁড়াতে বলেন। মিনাজ দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়লে দর্শকরা উল্লাস করেন।

ট্রাম্প পরে বলেন, ‘আমি আশা করি, নিকি এতে অপমানিত বোধ করেননি। আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন।’

ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে সম্প্রতি নিজের করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নিকি মিনাজের প্রসঙ্গ তোলেন। হুস্টেড আগে আমেরিকান ফুটবল খেলতেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তার শারীরিক গঠন নিয়ে মন্তব্যটি ছিল নিছক রসিকতা।

মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি কখনো কোনো পুরুষকে এ ধরনের কথা বলেননি। নারীদের ক্ষেত্রে বলেছেন, তবে পুরুষদের ক্ষেত্রে নয়। এরপরই তিনি নিকি মিনাজের নাম উল্লেখ করেন।

রিপাবলিকান প্রার্থীদের সমর্থন জানাতে ওই দিন ট্রাম্পের সঙ্গে সমাবেশে যোগ দেন মিনাজ। তারা এয়ার ফোর্স ওয়ানে করে মিশিগানে যান। মঞ্চে মিনাজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, মিনাজ তার চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি।’ তিনি যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়কে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে মিশিগানের বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

পরে ট্রাম্পকে উদ্দেশ করে মিনাজ বলেন, ‘প্রতিবার আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের।’ তিনি আরও বলেন, ‘আমি চিরকাল আপনাকে সমর্থন করব।’ ভবিষ্যতে ট্রাম্প আবার নির্বাচনে দাঁড়ালেও তাকে সমর্থন দেওয়ার কথা জানান এই র্যাপার।