দৈনিক খুলনা
The news is by your side.

ঋণের ঝুঁকি কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করতে চায় সরকার: অর্থমন্ত্রী

28

প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

ফ্যাসিবাদী সরকারের আমলে দুর্নীতি-সংশ্লিষ্ট ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণে দেশের ঋণ টেকসইতা ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ ‘মধ্যম’ ঝুঁকির ঋণমান অবস্থানে রয়েছে। সরকার এই অবস্থা থেকে বেরিয়ে এসে পুনরায় ‘নিম্ন’ ঝুঁকির ঋণমানে ফিরে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, রাজস্ব আয় বৃদ্ধি, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে ঋণঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, অতীতের ঋণনির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান এবং বেসরকারি বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, অর্থনীতির পুনরুদ্ধার এবং বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদি কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। জনগণের আস্থা ফিরিয়ে এনে আর্থিক খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে আরও টেকসই, স্থিতিশীল ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো হবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা গেলে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সহজ হবে।