মোংলা :
বাগেরহাটের মোংলায় বৃষ্টির পানি সংরক্ষণ এবং সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে মোংলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীর মাঝে পানির ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও পানির ট্যাংক বিতরণ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোববার ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়।
ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তীব্র লবণাক্ততাপ্রবণ উপকূলীয় মোংলাসহ আশপাশের এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের সুযোগ বাড়াতে উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, উপকূলের মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবে পর্যায়ক্রমে প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানির নতুন উৎস তৈরির লক্ষ্যে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলের কোনো মানুষ যেন সুপেয় পানির অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।