দৈনিক খুলনা
The news is by your side.

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

35

বেনাপোল :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে সারাদিন দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বন্দর ও কাস্টমসের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের নিয়মিত কার্যক্রমও বন্ধ থাকবে।

তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে যাত্রীরা নিয়মিতভাবে এ পথে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম ও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে খালি ভারতীয় ট্রাক ভারতে ফিরে যেতে পারবে।

এদিকে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।

পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম ও যাত্রী যাতায়াতের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে থাকে।