দৈনিক খুলনা
The news is by your side.

“আশাশুনিতে মোবাইল কোর্টে ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি বিনষ্ট”

26
সাতক্ষীরা :

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১ হাজার ৩৪২ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকা মূল্যের এসব চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুড়াখারাটি গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে ৬১ ক্যারেট অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি, অপদ্রব্য এবং ব্যবহৃত সিরিঞ্জ জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়িগুলো প্রথমে সড়কে ফেলে গাড়ির চাকার নিচে পিষ্ট করা হয়। এরপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, জব্দ করা চিংড়ির মোট ওজন প্রায় ১ হাজার ৩৪২ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ১৩ থেকে ১৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।