দৈনিক খুলনা
The news is by your side.

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্কা রাহানে

24

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার অবসরের সিদ্ধান্ত জানান।

আন্তর্জাতিক ক্রিকেটে রাহানের অভিষেক হয় ২০১৩ সালে। দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দলের বাইরে চলে যান তিনি। এরপরও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার আশা ধরে রেখেছিলেন এই ডানহাতি ব্যাটার।

রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে ইনজুরিতে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এনে দেন তিনি। অধিনায়ক হিসেবে সেই সিরিজ জয় রাহানের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি ভিডিও প্রকাশ করেন রাহানে। ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্যাপ নম্বর ২৭৮, সাইনিং অফ।’ নিজের বিদায়ী বার্তায় রাহানে জানান, প্রতিটি শুরুর মতো প্রতিটি অধ্যায়েরও একটি শেষ থাকে এবং সেই সময় এলে তা সম্মানের সঙ্গে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া উচিত।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে রাহানের ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৭৭ রান। ৮৫ টেস্টে তার ব্যাটিং গড় ৩৮.৪৬; রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি।

ওয়ানডেতে ৯০ ম্যাচে ৩৫.২৬ গড়ে রাহানে করেছেন ২ হাজার ৯৬২ রান। এই ফরম্যাটে তার রয়েছে ৩টি শতক ও ২৪টি অর্ধশতক। আর ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩৭৫ রান।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বগুণ ও চাপের মুহূর্তে দায়িত্বশীল পারফরম্যান্সের জন্যও পরিচিত ছিলেন অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে বিদায় নিলেও ভারতীয় ক্রিকেটে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।