দৈনিক খুলনা
The news is by your side.

“অন্ধ ঘোড়ার পাশে দাঁড়িয়ে প্রশংসিত কলেজছাত্র সোহান”

27

সাতক্ষীরা :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের এক কলেজছাত্রের মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পথ থেকে উদ্ধার করা একটি অন্ধ ও অসুস্থ ঘোড়ার দেখভাল করায় কলেজছাত্র সোহানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় বিষয়টির সার্বিক খোঁজখবর নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি অন্ধ ও অসুস্থ ঘোড়া শ্মশানের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিডিওটি দেখে চান্দুড়িয়া গ্রামের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সোহান ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।

পরে স্থানীয় পশুচিকিৎসক ঘোড়াটিকে পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও সোহান ও তার পরিবার ঘোড়াটির পরিচর্যা ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করেন।

সোহান বলেন, “দুটি চোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে কষ্ট পেতে দেখে চুপ থাকতে পারিনি। যতদিন বেঁচে থাকবে, আমরা সাধ্যমতো এর যত্ন নেব। আমাদের এই ছোট উদ্যোগের খোঁজ নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা পাওয়া সত্যিই অনুপ্রেরণার।”

সোহানের বাবা নাঈম হোসেন বলেন, ছেলের অনুরোধেই তারা ঘোড়াটিকে আশ্রয় দিয়েছেন। তিনি বলেন, “অসহায় ও অবলা প্রাণীর পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব। আমরা যতটুকু পারি, ওর যত্ন নেওয়ার চেষ্টা করছি।”

সোহানের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, স্বার্থকেন্দ্রিক সমাজে একটি অসহায় প্রাণীর প্রতি এমন মমত্ববোধ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।