সাতক্ষীরা :
সকালে ছিল স্কুলের পরীক্ষা। ছেলেকে সময়মতো স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী কুশল সরদার (১৩)। গুরুতর আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার।
বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং নলতা গ্রামের বাসিন্দা। তার বাবা কানাই লাল সরদার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মা মৌমিতা সরদারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে ছেলে কুশলকে পরীক্ষা দিতে স্কুলে নিয়ে যাচ্ছিলেন কানাই লাল সরদার। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাইকগাছা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন তার বাবা।
প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে কুশল বাসের নিচে চাপা পড়ে মারা যায়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, কানাই লাল সরদার এলাকার একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক। কুশল ছিল তাদের বড় ছেলে এবং অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী। তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু পরীক্ষার দিনই সেই স্বপ্ন চিরতরে থেমে গেল।
ঘটনার পর আহত অবস্থাতেও কানাই লাল সরদার বারবার ছেলের নাম ধরে আহাজারি করতে থাকেন। সন্তানের নিথর দেহ দেখে তার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন। কুশলের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, মহাসড়কে কঠোর নজরদারি বৃদ্ধি এবং কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।