খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, একটি আধুনিক, বৈষম্যহীন ও পরিকল্পিত খুলনা মহানগরী গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “খুলনা সবার। তাই খুলনাকে নান্দনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে কোনো একক সিদ্ধান্ত নয়, বরং অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
বৃহস্পতিবার (২ জুলাই) কেডিএ ভবনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আগত অতিথিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
কেডিএ চেয়ারম্যান বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমন্বয় করে আধুনিক ও পরিকল্পিত খুলনা গড়ে তুলতে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি আরও বলেন, দেশের জনগণের অংশগ্রহণভিত্তিক উন্নয়ন ও জনমতের প্রতিফলন ঘটানোর যে অঙ্গীকার করা হয়েছে, তার বাস্তবায়নে কেডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি জানান, কেডিএর আওতাধীন এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, রাজনীতিক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে। এসব আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং খুলনাবাসীর দাবি-দাওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিবের অতিরিক্ত দায়িত্বে এমএম মাহমুদুর রহমান এবং সদস্য (উন্নয়ন) ও সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ)-এর অতিরিক্ত দায়িত্বে রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদসহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে দুপুরে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথকভাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।