দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ইসলামী ব্যাংকের কিউআর কোড ডিজিটাল দানবক্স উদ্বোধন ও বিতরণ

74

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার আয়োজনে ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত কিউআর কোটের ডিজিটাল দানবক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় কেশবপুর শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কেশবপুর শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট  ভাইস প্রেসিডেন্ট( প্রো-ভিপি) সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যশোর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ শফিউল আজম।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিউল আজম বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইসলামী শরী’আহভিত্তিক ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর করা ইসলামী ব্যাংকের লক্ষ্য। কিউআর কোডভিত্তিক ডিজিটাল দানবক্স ব্যবস্থার মাধ্যমে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও দ্রুততার সাথে দান সংগ্রহ করা সম্ভব হবে। তিনি বলেন, ডিজিটাল এই উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে।

 

সভাপতির বক্তব্যে সেলিম চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক সবসময় সমাজকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ডিজিটাল দানবক্সের মাধ্যমে মসজিদ সহ সকল প্রকার দান করার একটি আধুনিক ও নিরাপদ ব্যবস্থা তৈরি হবে, যা সাধারণ মানুষের জন্য দানকে আরও সহজ করে তুলবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান। তিনি বলেন, ইসলামী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। প্রযুক্তির মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল। তিনি বলেন, ডিজিটাল দানবক্সের মাধ্যমে মানুষ সহজেই মসজিদে দান করতে পারবে, যা ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মসজিদের ইমামগণ, মসজিদ কমিটির সভাপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের মাঝে কিউআর কোডভিত্তিক ডিজিটাল দানবক্স বিতরণ করা হয়।