দৈনিক খুলনা
The news is by your side.

দস্যু দমনে সুন্দরবনে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু

8
মোংলা প্রতিনিধি ঃদস্যু দমনে সুন্দরবনে কোস্ট গার্ডের নেতৃত্ব শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান। এ অভিযানে কোস্ট গার্ডের সাথে রয়েছে নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ। দস্যু নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এদিকে সম্প্রতি সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম বাড়ায় তা নির্মুলে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের জন্য খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রশাসনের সাথে রবিবার খুলনার সার্কিট হাউসে জরুরী বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এরপর মঙ্গলবার সকাল থেকে সুন্দরবনে অভিযানে নেমেছে যৌথবাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেঃ কমান্ডার সিয়াম-উল-হক জানান, সম্প্রতি সুন্দরবনে দস্যুতা বেড়েছে। এই দস্যুতা নির্মুলে মঙ্গলবার সকাল থেকে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। দস্যু নির্মুল না করা পর্যন্ত গোটা সুন্দরবনে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সুন্দরবনের দুবলার চরের দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, পূর্ব ও পশ্চিম সুন্দরবনে অন্তত ১০/১২টি দস্যু বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। এরমধ্যে সুমন, কানা শরীফ, আলিফ ও জাহাঙ্গীর বাহিনী অন্যতম। এদের মধ্যে সবচেয়ে বড় বাহিনী হলো আলিফ বাহিনী। এই বাহিনীতে ১০/১২টি অস্ত্র ও ২০জন সদস্য রয়েছে। এরা প্রতিনিয়ত সাগর ও সুন্দরবন থেকে জেলেদের অপহরণ করছে। এখনও দস্যুদের কাছে ২২/২২ জন জেলে জিম্মি রয়েছে। আর ৪/৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। আমরা যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানাই। অভিযান চলমান থাকলে দস্যুতা কমবে আর জেলেরা নির্বিঘ্নে মাছ আহরণ করতে পারবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, যে কোন মূল্যে সুন্দরবনের দস্যুতা দমন করা হবে। সুন্দরবনের জেলেদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।