দৈনিক খুলনা
The news is by your side.

সকল ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির

36

রাজধানী ঢাকাসহ দেশের সব স্থান থেকে আগামী তিনদিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠক শেষে তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।