সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ঘটনা ঘটল। এতে কেউ হতাহত না হলেও আদালতপাড়া ও ডিসি কার্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যান্টিনের চালে বিস্ফোরণের ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি বেশ কর্মচঞ্চল ছিল। হঠাৎ ক্যান্টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে। দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।
এর আগে, ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।