কয়রা :
খুলনার কয়রায় জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ), উত্তম কৃষি চর্চা (জিএপি) ও ফলিত পুষ্টিবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাতের অংশীদার, কৃষি উপকরণের খুচরা বিক্রেতা, অগ্রণী কৃষক ও যুবকরা অংশগ্রহণ করেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণির সভাপতিত্বে এবং উত্তরণের উপজেলা ব্যবস্থাপক জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, দিদারুল আলম, ইমাম মো. আয়ুব হোসেন, রেজাউল করিম, প্রাণিসম্পদ টেকনিশিয়ান নিতিশ মণ্ডল ও কমিউনিটি হেল্প প্রোমোটার সাধন সরকার প্রমুখ।
প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে টেকসই উৎপাদন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি অনুসরণের বিকল্প নেই।
তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণে উত্তম কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।