দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

কয়রা :

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে খুলনার কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্পের’ আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। হেলভেটাস বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উত্তরণ অ্যাকসেস প্রকল্পের ফিল্ড অফিসার মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা পানি কমিটির সভাপতি ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার, শেখ আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, নাজমুস সাদাত, আবু হুরায়রা খোকন, মোস্তফা, শফিকুল ইসলাম, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মুনছুর রহমান সানা, এবি সিদ্দীক, মনিরুজ্জামান, বাসন্তী মুন্ডা, ফরহাদ হোসেন, মিজানুর রহমান লিটন, মোল্ল্যা মনিরুজ্জামান প্রমুখ।

প্রশিক্ষণে দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, সতর্কবার্তা পাওয়ার পর করণীয় নির্ধারণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং দুর্যোগকালীন জরুরি পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় কয়রা উপজেলা প্রতিনিয়ত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে। তাই দুর্যোগ আঘাত হানার পর তৎপর হওয়ার পরিবর্তে আগাম সতর্কবার্তা অনুযায়ী দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা ও সমন্বিত উদ্যোগ জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।