দৈনিক খুলনা
The news is by your side.

‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর

চীনের ১৪ বছর বয়সী এক কিশোরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত ঘর থেকে দুই শিশুকে উদ্ধার করেছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা এই কিশোরীর সাহসিকতা প্রশংসা কুড়িয়েছে দেশজুড়ে। তার এমন বীরত্বের স্বীকৃতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষও।
কিশোরীর নাম লং শি। হুনান প্রদেশের ফেংহুয়াং কাউন্টির বাসিন্দা সে। গত ২৪ জুন চার বছর বয়সী এক শিশু ও তার দুই বছর বয়সী ছোট ভাইকে আগুন ও ধোঁয়ায় ভরা একটি ঘর থেকে উদ্ধার করে লং।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বরের কারণে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল লং। পথে একটি বাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে সে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। তবে কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেয়ে বিপদের বিষয়টি বুঝতে পারে। এরপর দ্রুত বাড়িটির দিকে ছুটে যায় সে। সেখানে গিয়ে দেখে, আগুন বিছানা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আশপাশে থাকা কাপড়েও আগুন লেগেছে।
জ্বলন্ত ঘর থেকে দুই শিশুকে উদ্ধার

 

 

ঘরের ভেতরে দুই শিশুকে একা পায় লং। চার বছর বয়সী মেয়েটি বিছানার পাশে দাঁড়িয়ে ছিল। আর তার দুই বছর বয়সী ভাই বিছানার ওপর বসে কাঁদছিল। এক মুহূর্ত দেরি না করে ছোট শিশুটিকে কোলে তুলে নেয় লং। এরপর মেয়েটির হাত ধরে দ্রুত দুজনকে ঘরের বাইরে নিয়ে আসে।
ঘটনার স্মৃতিচারণ করে লং জানায়, আগুন প্রায় বিছানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিছানার ওপর থাকা কাপড়েও আগুন জ্বলছিল। সে সময় নিজের নিরাপত্তার কথা ভাবেনি; শুধু শিশু দুটিকে নিরাপদে বের করে আনতে চেয়েছিল।
শিশু দুটিকে উদ্ধারের পর মাকে বার্তা পাঠিয়ে লং লেখে, ‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি।’ ঘটনার একটি ভিডিওও মায়ের কাছে পাঠায় সে। লংয়ের মা ‘উ’ নামে পরিচিত। ভিডিওটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তাঁর ভাষ্য, ভিডিও দেখার সময় তাঁর শরীর কাঁপছিল। আগুনের ভয়াবহতা দেখে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন।
পরে লংয়ের মাথাব্যথা শুরু হয়। তবে সে মনে করে, জ্বরের কারণেই এমন হয়েছে।

 

 

কিশোরীর সাহসিকতার স্বীকৃতি

আগুন লাগার সময় শিশু দুটির বাবা উ শিয়ানজিন কর্মস্থলে ছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি। সন্তান দুটিকে নিরাপদে পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেন। পরে শিশু দুটির পরিবার লংকে কৃতজ্ঞতা জানিয়ে একটি লাল ব্যানার উপহার দেয়। তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে ‘গুড সামারিটান অ্যাওয়ার্ড’ বা পরোপকারী ব্যক্তির পুরস্কারের জন্য আবেদনও করে লংয়ের পরিবার।

সর্বশেষ খবর
গত নভেম্বরে ফেংহুয়াং কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগও লংকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ একটি সনদ দেয়।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন
বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চায় লং। জরুরি পরিস্থিতিতে সেনাসদস্যদের মানুষকে সহায়তা করতে দেখার অভিজ্ঞতা তার এই ইচ্ছাকে আরও দৃঢ় করেছে। দুই শিশুকে উদ্ধারের ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই লংকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার দাবি জানিয়েছেন।

 

 

তবে এ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করেছে, বিশেষ করে শিশুদের জ্বলন্ত ভবনে প্রবেশ করে কাউকে উদ্ধারের চেষ্টা করা উচিত নয়। এমন পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি সেবায় যোগাযোগ এবং বড়দের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।