দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ: মোটরসাইকেল শনাক্ত

3

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীর পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগর ভবনে হামলার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনের পৃথক তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেবে। হামলাকারীদের শনাক্ত করতে নগর ভবন ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, খুলনা নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে দ্রুত সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নগর ভবনের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করা হবে।

এদিকে, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত রোববার রাতে দুর্বৃত্তরা খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুরুত্বপূর্ণ একটি সরকারি স্থাপনায় এ ধরনের হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।