দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে হরিণ নিধনের ভয়াবহ চিত্র, কয়রায় ২৮ কেজি মাংস, ৮ পা, ২ মাথা ও চামড়া জব্দ

8
কয়রা (খুলনা) প্রতিনিধি:
সুন্দরবনের বন্যপ্রাণী নিধনের ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে। খুলনার কয়রায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কয়রা কাশিয়াবাদ স্টেশনের   বজবজা বন টহল ফাঁড়ির ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা বন টহল ফাঁড়ির  কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর ও সুন্দরবন সংলগ্ন কয়রার গোলখালী থেকে সকাল ৮টায় ১৩ কেজি ৭,শ গ্রাম হরিণের মাংস ৪টি পা ১ টি মাথা, ও ১ টি চামড়া জব্দ করে কোস্টগার্ড ।  তবে এই অভিযানেও কাওকে আটক দেখানো হয়নি।
বনসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে নির্বিচারে হরিণ শিকার ও বন্যপ্রাণী নিধন চললেও অধিকাংশ ক্ষেত্রে শিকারিদের আটক কিংবা অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও শিকারিদের ধরতে না পারা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাঁদের প্রশ্ন, সুন্দরবনে যদি নিয়মিত হরিণ শিকার হয়ে থাকে, তাহলে শিকারি চক্রের সদস্যরা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কেন?
স্থানীয়দের আরও অভিযোগ, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় অভিযান পরিচালনার ক্ষেত্রে কোস্ট গার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সমন্বিত অংশগ্রহণ ও যৌথ অভিযান আরও জোরদার করা প্রয়োজন। কোস্টগার্ড  এককভাবে অভিযান পরিচালনার পরিবর্তে সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ে পরিকল্পিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং শিকারি চক্রের মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না থাকায় সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় হরিণ শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।