সউদী আরবের রুব আল-খালি (দ্য এমপ্টি কোয়ার্টার) মরুভূমির একটি অংশে একসময় মিষ্টি পানির হ্রদ, তৃণভূমি ও প্রচুর বন্যপ্রাণী ছিল। সম্প্রতি সেই সময়ের দুর্লভ ও রোমাঞ্চকর তথ্য উন্মোচন করেছেন প্রত্নতাত্ত্বিকরা। বর্তমানের অত্যন্ত শুষ্ক এই অঞ্চলটি এককালে আদিম মানব বসতির জন্য অত্যন্ত অনুকূল ছিল।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিক জার্নাল সায়েন্স-এ প্রকাশিত এবং সউদী আরবের হেরিটেজ কমিশন, অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাস্ট) এবং অন্যান্য দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। নাজরানের মুনদাফান প্যালিওলেক বা প্রাচীন হ্রদের তীরে অবস্থিত উরুক আল-জুলাইবাহ সাইটে প্রায় ১ লক্ষ ২৫ হাজার বছর আগের মানব কার্যক্রমের জোরালো প্রমাণ পাওয়া গেছে।
গবেষণা অনুযায়ী, মুনদাফান হ্রদটি একসময় প্রায় ৩৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এর গভীরতা ছিল প্রায় ২৯ মিটার। আরব উপদ্বীপের অন্যতম আর্দ্র জলবায়ু যুগের ওই সময়ে এটি উন্মুক্ত তৃণভূমি ও গাছপালা দ্বারা ঘেরা একটি স্থিতিশীল মিষ্টি পানির পরিবেশ তৈরি করেছিল।
গবেষকরা সাইটটিতে ১৩০টিরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থানের নথিপত্র তৈরি করেছেনএবং উদ্ভিদ,কশেরুকী ওঅমেরুদণ্ডী প্রাণীর ৫০০টিরও বেশি জীবাশ্ম শনাক্ত করেছেন। এসবের মধ্যে রয়েছে জলহস্তী, বিলুপ্ত হয়ে যাওয়া লম্বা শিংযুক্ত মহিষ, উট, আরবীয় অরিক্স (এক প্রজাতির হরিণ), গাজেল বা হরিণ, উটপাখি, মলাস্ক বা শামুকজাতীয় প্রাণী এবং মিষ্টি পানির ক্রাস্টেসিয়ান।
এছাড়াও দলটি ৫,৫১১টি পাথরের তৈরি প্রত্নসামগ্রী বা অস্ত্র উদ্ধার করেছে, যার ৯৮ শতাংশের বেশি ফ্লিন্ট পাথর দিয়ে তৈরি। বিশ্লেষণে দেখা গেছে, এই হাতিয়ারগুলো ‘লেভালয়ইস’ পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, যা ছিল একটি অত্যন্ত উন্নত পাথর কাটার কৌশল। এর মাধ্যমে ফ্লেক ও পয়েন্টগুলোর আকৃতি এবং আকার নিখুঁতভাবে নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা ও দক্ষতার প্রয়োজন হতো।
মাইক্রোস্কোপিক এবং রাসায়নিক পরীক্ষায় উদ্ভিদ আঁশ, কাঠ, রেজিন, চর্বি এবং কোলাজেনের অবশিষ্টাংশও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এগুলো উদ্ভিদ ও প্রাণীভিত্তিক সম্পদ নিয়ে বিভিন্ন প্রাত্যহিক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়।
পাথরের কিছু ফলার মধ্যে আঘাতের চিহ্ন এবং হাতলের সাথে যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে এগুলো হাতলের সাথে সংযুক্ত করে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। গবেষকরা ‘অ্যাকোক্যানথেরা শিম্পেরি’ নামক উদ্ভিদের সাথে সম্পর্কিত রাসায়নিক উপাদানও শনাক্ত করেছেন, যা ঐতিহাসিকভাবে শিকারের সাথে যুক্ত। তবে এই উপাদানটি ঠিক কীভাবে ব্যবহার করা হয়েছিল, তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
কিং সৌদ ইউনিভার্সিটির ড. আবদুল্লাহ আলশারিখ, যিনি এই গবেষণার সাথে যুক্ত ছিলেন, বলেন যে মুনদাফানের তীরগুলো মানব সম্প্রদায়ের জন্য একটি “আদর্শ আবাসস্থল” প্রদান করেছিল, যেখানে মিষ্টি পানি, বন্যপ্রাণী, উদ্ভিদ এবং হাতিয়ার তৈরির কাঁচামাল একসঙ্গে বিদ্যমান ছিল।
গ্রিফিথ ইউনিভার্সিটির হিউম্যান অরিজিনস রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মাইকেল পেত্রাগ্লিয়া বলেন, এই আবিষ্কার আরব উপদ্বীপ জুড়ে প্রাচীন মানব বসতি সম্পর্কে আমাদের জানাশোনাকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে। অন্যদিকে কাস্ট-এর ভূতত্ত্বের অধ্যাপক ড. ফ্রানস ভ্যান বুশেম জানান, এই বহুমাত্রিক প্রচেষ্টার ফলে প্রাচীন পরিবেশ এবং মানুষের আচরণ সম্পর্কে আরও স্পষ্ট ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব হয়েছে।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সৌদ ইউনিভার্সিটির প্রাচীন ইতিহাসের অধ্যাপক ড. সালমা হুসাবি বলেন, এই আবিষ্কারগুলো গবেষকদের আরব উপদ্বীপের ইতিহাস পুনর্বিবেচনা করতে এবং সভ্যতার বিকাশে এর অবদান ও আদি মানব ইতিহাসে এর অবস্থান সম্পর্কে প্রচলিত কিছু ধারণার ভুল ভাঙাতে সাহায্য করছে।
ড. হুসাবি উল্লেখ করেন যে সউদী আরবজুড়ে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো প্রাচীন সম্প্রদায়গুলি হাজার হাজার বছর ধরে কীভাবে বসবাস করত, তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিত এবং প্রাকৃতিক সম্পদের সাথে মিথস্ক্রিয়া করত, তার প্রমাণ দিয়ে চলেছে।
তিনি আল-জৌফের আবিষ্কারের কথা উল্লেখ করেন, যেখানে প্রায় ১৩ লক্ষ বছর আগের মানব কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তাবুকে পাওয়া ১ লক্ষ ২০ হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন পদচিহ্নের কথা বলেন, যা দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া হ্রদগুলোর চারপাশে মানুষ ও পশুদের একত্রিত হওয়ার সাক্ষ্য বহন করে।
ড. হুসাবির মতে, উরুক আল-জুলাইবাহ সাইটটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল রুব আল-খালি মরুভূমির ভেতরে অবস্থিত।
একটি বিশাল মিষ্টি পানির হ্রদের অবশিষ্টাংশ এবং জলহস্তী, মহিষ, গাজেল ও উটপাখির জীবাশ্ম ইঙ্গিত দেয় যে এই ভূদৃশ্যটি এককালে বন্যপ্রাণী ও মানব জনসংখ্যা টিকিয়ে রাখতে সক্ষম প্রচুর পানি এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল।
তিনি জানান, সাইটটিতে পাওয়া পাথরের হাতিয়ারগুলো উন্নত পরিকল্পনা ও কারিগরি দক্ষতার প্রমাণ দেয়। পাশাপাশি উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ কাঠ, পামের আঁশ এবং শিকারের সরঞ্জাম প্রক্রিয়াকরণসহ আদি মানব কার্যক্রম সম্পর্কে গবেষকদের বোঝাপড়াকে আরও প্রশস্ত করেছে।
তিনি বলেন, “এই প্রমাণের তাৎপর্য কেবল সাইটে মানুষের উপস্থিতি নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ইঙ্গিত করে যে এখানে মানব কার্যক্রম বারবার এবং পর্যায়ক্রমে ঘটেছে, আর পরিবেশগত পরিবর্তনগুলো আরব উপদ্বীপে মানুষের বসতি স্থাপন এবং চলাচলের ধরনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
শিকারের সম্ভাব্য বিষাক্ত উপাদান সম্পর্কিত প্রমাণগুলোর ব্যাখ্যা দেওয়ার সময় ড. হুসাবি সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বর্তমান ফলাফলগুলো নিশ্চিত করতে পারে না যে নির্দিষ্ট কিছু পদার্থ কীভাবে প্রস্তুত বা ব্যবহার করা হয়েছিল।
গবেষকদের জন্য এই গবেষণা এবং এজাতীয় অন্যান্য কাজ এই অঞ্চলের অতীত সম্পর্কে একটি বড় শিক্ষা দেয়।
ড. হুসাবি বলেন, “বর্তমানে যে এলাকাগুলো মরুভূমিতে ঢেকে আছে, সেগুলো একসময় জীবনধারণের উপযোগী পরিবেশ ছিল।” তিনি আরও যোগ করেন যে এই ধরনের ফলাফল আরব উপদ্বীপের প্রাগৈতিহাসিক পরিবেশ সম্পর্কে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।
এই আবিষ্কারগুলো ক্রমবর্ধমান প্রমাণাদির সাথে যুক্ত হয়ে পণ্ডিতদের এই ধারণাকে বদলে দিচ্ছে যে আরব উপদ্বীপটি মহাদেশগুলোর মধ্যবর্তী কোনো প্রান্তীয় বা অবহেলিত করিডোর ছিল না; বরং এটি এমন এক অঞ্চল ছিল যেখানে আদি মানুষেরা বারবার বসবাস করেছে, পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। সউদী আরবজুড়ে প্রত্নতাত্ত্বিক কাজ অব্যাহত থাকায় গবেষকরা বলছেন, উরুক আল-জুলাইবাহর মতো আবিষ্কারগুলো মানব প্রজাতির উৎপত্তি, অভিবাসন এবং পরিবেশগত পরিবর্তন সংক্রান্ত আলোচনায় এই অঞ্চলটিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে সাহায্য করছে।