দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

29

কয়রা :

খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ আলী, কয়রা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আকবার হোসেন ও অ্যাডভোকেট আনিছুর রহমান এবং সহকারী সমবায় কর্মকর্তা মো. তোরাব আলী।

এ ছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রী, সুমিত্রা মুন্ডা ও কমলেশ মণ্ডলসহ অনেকে।

বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগে আত্মনির্ভরশীলতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।