দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ফেরাতে বিজিবি-বিএসএফের নতুন অঙ্গীকার

38

শার্শা :

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা।

এ সময় সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও সীমান্ত এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয়।