দৈনিক খুলনা
The news is by your side.

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

10

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় মানবপাচারের পর জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর ভয়াবহ তথ্য সামনে এসেছে। এমন প্রতারণার শিকার ৩০ জন বাংলাদেশির মধ্যে ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর দুয়ার থেকে দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান এসব তথ্য জানান।

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ওই বাংলাদেশিরা। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয় মানবপাচার চক্রটি।

এসআরবির তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান জানতে এসব বাংলাদেশিকে ড্রোনের নিচে ফেলে দেওয়া হতো। এভাবেই এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা শূন্যের কোঠায়। এছাড়া বাকি ১০ জনের মধ্যে যুদ্ধক্ষেত্রে আটক আছেন ছয় জন,  মস্কোর একটি হাসপাতালে  চিকিৎসাধীন আছেন দুজন এবং দেশে ফিরতে পেরেছেন দুজন। মর্মান্তিক এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ব্রিফিংয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির ওই কর্মকর্তা।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, এই মানবপাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন মানবপাচারকারীদের এমন ফাঁদে পা না দেন, সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।