দৈনিক খুলনা
The news is by your side.

দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য: ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল

24

দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের ব্যাট-বলের ঠুকঠাক শব্দে মুখরিত হয়ে উঠেছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির আসর ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের পর্দা উঠেছে আজ।

আর উদ্বোধনী দিনেই স্বাগতিক খুলনার বিপক্ষে মাঠে নেমেছে বরিশাল বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় এক আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রথম শ্রেণির এই মর্যাদাপূর্ণ আসর ঘিরে সকাল থেকেই স্টেডিয়াম পাড়ায় ছিল উৎসবের আমেজ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।

বিসিবির পরিচালক শাহনিয়ান তানিম, বিসিবির পরিচালক ও নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান (খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক) মো. শফিকুল আলম তুহিন এবং বিসিবির আরেক পরিচালক শান্তনু সুমিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু, বিসিবির কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলামসহ স্টেডিয়ামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ।

সকালে টস ভাগ্য কথা বলেছে বরিশালের পক্ষে। সকালের কন্ডিশন ও উইকেটের সুবিধা কাজে লাগানোর লক্ষ্যে টস জিতে স্বাগতিক খুলনা বিভাগকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে খুলনা।

উল্লেখ্য,দেশের আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে শুরু হওয়া চার দিনের এই ক্রিকেট মহাযজ্ঞ চলবে টানা দেড় মাস। লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে এবং প্রত্যেকে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব ঠিক থাকলে আগামী ১৭ নভেম্বর শেষ হবে এবারের জাতীয় ক্রিকেট লিগের আসর। দীর্ঘ সংস্করণের এই ক্রিকেট থেকে ভবিষ্যতের টেস্ট তারকাদের তুলে আনতে বরাবরের মতোই এবারও এনসিএল-এর দিকে তাকিয়ে আছে বিসিবি।

-খবর বিজ্ঞপ্তি