দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণসহ পাচারকারী আটক

25

শার্শা :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (যুবক) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। প্রেসনোট অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারে অভিযান চালায়। এ সময় বাবু সুপার মার্কেটের সামনে থেকে রিপন হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি মোটরসাইকেলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবির দাবি, জব্দ করা স্বর্ণের বারগুলো যশোরের একজন দক্ষ জুয়েলারির মাধ্যমে যাচাই করা হয়েছে। পরীক্ষায় এগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।